রংপুরের বদরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। অভিযানে ১ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ১১ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল পিকেড্রিল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এসআরবি-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে রংপুরের বদরগঞ্জ থানার গোপীনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল। এ সময় মৃত ইঞ্জিনিয়ার আব্বাস আলী প্রামাণিকের বাড়ির পশ্চিম পাশের সড়কে একটি মোটরসাইকেল তল্লাশি করে ২৯৮ পিস ইয়াবা ও ১১ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. খাদেমুল ইসলাম ওরফে রিপনকে (৪৯) গ্রেপ্তার করা হয়। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গুলশান নগর গ্রামের বাসিন্দা। অভিযানে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি দল। এ সময় মো. বেল্লাল হোসেনের (২৮) বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ও দুই বোতল পিকেড্রিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বেল্লাল হোসেন ও তাঁর স্ত্রী মোছা. নাজমিন নেহার নিশিকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের এবং উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সদ্য সংবাদ/এআর