জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, মানবিক মূল্যবোধ এবং তাঁর প্রদর্শিত আদর্শ নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদী। এতে মুখ্য আলোচক ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম।
অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর মো. আতিকুর রহমানের আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সফিকুল ইসলাম আকন্দ, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ এবং সাবেক অধ্যক্ষ প্রফেসর মাছুম আলম খানসহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
পরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সদ্য সংবাদ/এসএস