‘বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাব’ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার চাঁদনী বাজারসংলগ্ন ডিসি পার্কে নিজ হাতে তালবীজ রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন তিনি।
সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের উদ্যোগে জেলার পাঁচটি উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে নতুন নতুন দুর্যোগ ও নানা ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের প্রবণতা ও প্রাণহানি বেড়েছে।”
তিনি আরও বলেন, “একসময় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক প্রাণহানি ঘটত। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে সেই প্রাণহানি অনেকটাই শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের আবহাওয়ায় পরিবর্তন আসায় নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলাম, সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ এন্তাজুর রহমান, প্রধান শিক্ষক একরামুল হক সরকার, প্রভাষক হারুন উর রশিদ, আলাউদ্দিন আল আজাদ, সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন, ইউসুফ আহমেদ রোকন, আজহারুল ইসলাম ও রমজান আলী মুরাদসহ শতাধিক স্বেচ্ছাসেবী।
আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে দীর্ঘদিন ধরে কাজ করছে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ। এর আগে সংগঠনটি লালমনিরহাটের তিস্তা থেকে বুড়িমারী পর্যন্ত রেলপথের দুই পাশে প্রায় ৪০ হাজার তালবীজ রোপণ করেছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশবিষয়ক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে আসছে।
আয়োজকদের প্রত্যাশা, লক্ষাধিক তালবীজ রোপণের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
সদ্য সংবাদ/এআর