জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা থেকে কম্পপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অপরিকল্পিত নির্মাণ, অতিরিক্ত সরু পথ এবং সড়কের দুই পাশের উঁচু-নিচু অংশের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রতিদিন এ পথে চলাচলকারী পথচারী ও চালকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
সড়কটি দিয়ে প্রতিদিন বাস, মালবাহী ট্রাক, মাহিন্দ্র, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের ভারী ও হালকা যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের প্রস্থ কম হওয়ায় দুটি যানবাহনের পাশাপাশি চলাচল কিংবা একে অপরকে অতিক্রম করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশের উচ্চতার পার্থক্যের কারণে যানবাহন পাশ কাটাতে গিয়ে প্রায়ই বিপাকে পড়তে হয় চালকদের। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা পাশ কাটানোর সময় উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এসব ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন, প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা।
এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও। ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে গিয়ে তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে।
এলাকাবাসী ও যাত্রীদের দাবি, দুর্ঘটনা কমাতে দ্রুত সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি রাস্তার দুই পাশের বিপজ্জনক উঁচু-নিচু অংশ মেরামত করা জরুরি। তাঁদের মতে, দ্রুত সংস্কারকাজ করা হলে এ পথে চলাচলকারীদের ঝুঁকি ও দুর্ভোগ অনেকটাই কমবে।
স্থানীয়দের প্রত্যাশা, পৌর কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সড়ক বিভাগ সমন্বিত উদ্যোগ নিয়ে সড়কটির সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন করবে। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন তাঁরা।
সদ্য সংবাদ/এআর