ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নানা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় সরকার একটি দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ে কাজ চলছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মানুষের আয়-রোজগার বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিংয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন ত্রাণমন্ত্রী। তাঁর মতে, শৈশব থেকেই স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত থাকলে শিশুরা নিয়মশৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠার সুযোগ পায়। এতে তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধও তৈরি হয়।
তিনি আরও বলেন, তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদক ও ক্যাসিনোর মতো আসক্তিতে জড়িয়ে পড়ছে। নতুন প্রজন্মকে এ ধরনের নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে স্কাউটিং কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা তৈরির কার্যক্রমেও স্কাউট সদস্যদের যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।
‘নীল আকাশ, সবুজ বন—স্কাউটিংয়ে গড়ি জীবন’ স্লোগানে আয়োজিত এবারের ক্যাম্পুরিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ ক্ষুদে স্কাউট অংশ নিয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করতে আয়োজন করা হয়েছে নানা শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। এ ছাড়া রাষ্ট্রপতির একান্ত সচিব মো. আবু আউয়াল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের আশা, এ ধরনের ক্যাম্পুরির মাধ্যমে শিশুরা পাঠ্যবইয়ের বাইরেও বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে। একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার ভিত্তি তৈরি হবে।
সদ্য সংবাদ/এজে