বিয়ের আশ্বাস দিয়ে এক কিশোরীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে করা মামলায় মো. আনোয়ার হোসেন রানা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। শেরপুরের ওই মামলার প্রধান আসামিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে পরিচালিত যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুর এবং এসআরবি-১১-এর সিপিসি-৩, লক্ষ্মীপুরের সদস্যরা অভিযানে অংশ নেন।
এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রানা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। গত ৩০ অক্টোবর শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ১৬ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর তাঁকে বাবার বাড়ি থেকে ডেকে শেরপুর শহরের একটি বাসায় নিয়ে যান তিনি। সেখানে ভুয়া কাজীর মাধ্যমে নীল রঙের একটি কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ের আয়োজনের ভান করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের পরিচয় দিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন রানা। একপর্যায়ে কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের কাবিননামা চাইলে তিনি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
এজাহার সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট কিশোরীর পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন অভিযুক্ত। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে কিশোরীকে গালিগালাজ করেন তিনি। পাশাপাশি আইনগতভাবে বিয়ে করেননি বলেও জানান। পরে বিভিন্ন কাজী অফিসে খোঁজ নিয়ে বিয়ের কোনো কাবিননামা না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ওই কিশোরী। এরপরই তিনি শেরপুর সদর থানায় মামলা করেন।
গ্রেপ্তারের পর আনোয়ার হোসেন রানাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
সদ্য সংবাদ/এজে