বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। তিনি দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে গুজব ছড়ানো হয়েছে। কিছু গণমাধ্যমও যাচাই না করে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।
সুজাউদ্দৌলা বলেন, ‘আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি বগুড়ার পুলিশ সুপার, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে। তারা জানিয়েছেন, বিএনপির উপজেলা কার্যালয়ের পাশে ময়লার স্তূপের আগুন থেকে বিএনপির কার্যালয়ের সামনের একটি ব্যানার পুড়ে যায়। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয় যে, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আর সেসব অপপ্রচারে গা ভাসায় কিছু গণমাধ্যমও। বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটা সঠিক নয়।’
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই বগুড়াকে নিয়ে এমন গুজব ছড়ানো হচ্ছে।’
তিনি আরও জানান, গত তিন সপ্তাহে এমন আরও চারটি গুজব ছড়ানো হয়েছে। কিছুদিন আগে সাতমাথায় বিএনপির একটি মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের মিছিল হিসেবে প্রচার করা হয়েছে। কাহালুতে বিটিভির স্থানীয় কার্যালয়ের সামনে হিন্দু সম্প্রদায়ের সূর্যপূজা উপলক্ষে পটকা ফোটানোর ঘটনাকে ককটেল বিস্ফোরণ হিসেবে প্রচার করা হয়েছে। এসব ঘটনাকে ভুয়া ও গুজব বলে দাবি করেন তিনি।
সদ্য সংবাদ/ এরআর