গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা এবং সরকারি যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটজনকে নির্দিষ্টভাবে অভিযুক্ত করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে ৬ কোটি ৫১ লাখ টাকা।
গত সোমবার (২৩ নভেম্বর) বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস কালুসহ আটজনের নাম এজাহারে রয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহলে ছিল বিজিবি। টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পেয়ে ওই এলাকায় যাওয়ার পথে নিলফা বাজারে তাদের বহরের গতিরোধ করা হয়।
এজাহারের অভিযোগ অনুযায়ী, সড়কে গাছ ফেলে পথ আটকে দেওয়ার পর বিজিবি সদস্যরা বাধা সরানোর অনুরোধ করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীরা বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাধা দিতে গিয়ে বিজিবির চার সদস্য আহত হন। তাদের মধ্যে নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান রয়েছেন।
এজাহারে আরও বলা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে নষ্ট হয়। এ ছাড়া আরেকটি এপিসির টায়ার, ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি যানবাহন থেকে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও করা হয়েছে। সব মিলিয়ে এসব ক্ষয়ক্ষতির আনুমানিক আর্থিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে টুঙ্গিপাড়া থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে। ভবন, আসবাবপত্র, যানবাহন, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় নিয়মিত কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। এ অবস্থায় দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হচ্ছে।
থানা সূত্রের তথ্য অনুযায়ী, কাগজে-কলমে গত এক সপ্তাহ ধরে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন এএসআই সবুজ হোসেন। আর টহল পুলিশের দায়িত্বে রয়েছেন এসআই মাহমুদুর রহমান ও এসআই নাজমুল হোসেন।
সদ্য সংবাদ/এজে