কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্ধারিত মাহফিল অনুষ্ঠিত হয়নি। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরোধিতা এবং প্রশাসনিক অনুমতি না থাকায় শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে অলিরবাজার এলাকায় এ মাহফিল আয়োজনের কথা ছিল। তবে অনুষ্ঠানকে কেন্দ্র করে আগের দিন থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। তাহেরীর আগমনের বিরোধিতা করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন হেফাজতে ইসলামের স্থানীয় নেতাকর্মীরা।
তাদের দাবি, বিতর্কিত বক্তা হিসেবে পরিচিত গিয়াস উদ্দিন তাহেরীকে অলিরবাজারে কোনোভাবেই মাহফিল করতে দেওয়া হবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছেও আপত্তি জানান সংগঠনটির নেতারা। এমনকি তাহেরী সেখানে উপস্থিত হলে পাল্টা কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
অন্যদিকে, মাহফিল আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছেন তাহেরীর অনুসারীরা। তাদের একজন আমির হোসেন জানান, যেকোনো পরিস্থিতিতেই তারা মাহফিল আয়োজন করতে চান।
এদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রয়োজনীয় অনুমতি না থাকায় সেখানে মাহফিল আয়োজনের সুযোগ দেওয়া হয়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে অলিরবাজার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট বাহিনী।
সদ্য সংবাদ/এজে