ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টায় ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।
পোস্টে এনসিপির এই নেতা লেখেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে আমরা প্রথম প্রতিঘাত করবো লীগ এবং আধিপত্যবাদীদের এদেশীয় দালালদের ওপর। ভেতরে দালাল রেখে কোন যুদ্ধে জয়ী হওয়া যায় না।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ দখলের বিতর্কিত হুমকি দেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী বিজেপি নেতা অর্জুন সিং। তার এই বক্তব্যের পরই শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। পরিস্থিতি সামাল দিতে বা ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছেন পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতারা।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার বিজেপি বিধায়ক অর্জুন সিং মঙ্গলবার হুমকি দিয়ে বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেবো।’
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বিশ্বের সব জায়গায়ই রাজনীতিতে এরকম কিছু পাগল থাকে। আমাদের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।
১৬ ডিসেম্বর ঢাকা দখলের হুমকির প্রসঙ্গ তুলে পশ্চিমবঙ্গের সরকারকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৬ ডিসেম্বর তারা নাকি ঢাকা দখল করবে, আর আমরা চুড়ি পরে বসে থাকব? আমরা ঘুমিয়ে থাকব না। আমরা চকলেট চুষব আর আপনারা ঢাকা দখল করতে আসবেন?
পশ্চিমবঙ্গের সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, এমনভাবে মদদ দেবেন না, যাতে বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান সুসম্পর্ক বিনষ্ট হয়। ‘আপনাদের মন্ত্রী কীভাবে বলতে পারেন, ১৬ ডিসেম্বর তারা ঢাকা দখল করবেন আর আমরা চুড়ি পরে বসে থাকব?’
রিজভী আহমেদ আরও বলেন, আপনারা দিবাস্বপ্ন দেখেন। ১৮ কোটি মানুষের এই দেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। দেশের স্বাধীনতা রক্ষায় মানুষ আবারও রক্ত দিতে প্রস্তুত। আমাদের এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না।
সদ্য সংবাদ/ এরআর