শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ২০:১৫:৪৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশে যাওয়ার আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রমও কয়েক মাসের মধ্যে শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রথম ফ্লাইটে দেশটিতে যেতে যাওয়া ১১২ জন কর্মীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাঁর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য চালু হয়েছে। দেশটির সরকারের সহযোগিতায় প্রায় ১০ হাজার কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই পাঠানোর লক্ষ্য রয়েছে। প্রথম দফায় ১১২ জনের যাত্রা এ কার্যক্রমের গুরুত্বপূর্ণ সূচনা।

তারেক রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু কর্মী পাঠানোই যথেষ্ট নয়, তাঁদের কাজের উপযোগী দক্ষতা অর্জনও জরুরি। কর্মীরা প্রশিক্ষিত হলে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

ভাষা শেখানোর পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে। এতে কর্মক্ষেত্রে যোগাযোগ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের সুবিধা বাড়বে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সেখানে গিয়ে স্থানীয় আইন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখাতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের আচরণের মাধ্যমে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। বিদেশে একজন কর্মীর কাজ ও আচরণ দেখে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশের পরিচয় সম্পর্কে ধারণা পায় বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশি কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে বিদেশি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আরও বেশি কর্মী নিয়োগে আগ্রহী হবে। অনুষ্ঠানে তিনি কর্মীদের সুস্থতা ও সফলতা কামনা করেন এবং এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পরে কর্মীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন তিনি।

বোয়েসেলের মাধ্যমে এ কর্মসূচির জন্য আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত ব্যক্তিরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন।

চুক্তি অনুযায়ী, তাঁদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। তিন বছর মেয়াদি এ চুক্তি নবায়নের সুযোগ রয়েছে। নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে। পাশাপাশি অভিবাসনসংক্রান্ত সব ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি।

এ কর্মসূচির পরবর্তী ধাপে আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। চলতি বছরের জুনে মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে কর্মী নিয়োগ বাড়ানো এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়েও দুই দেশের মধ্যে ঐকমত্য হয়।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার