ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। তাঁর অবস্থান নিয়ে ভারত সরকারও বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, তাঁকে প্রত্যর্পণের মাধ্যমেই বাংলাদেশে ফেরত আনার সুযোগ রয়েছে। দেশে ফিরিয়ে আনার সময় তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে রাখা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরকার পর্যায়েই আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, অপরাধীদের ক্ষেত্রে এক ধরনের নীতি এবং সাধারণ নাগরিকদের ক্ষেত্রে অন্য ধরনের নীতি প্রযোজ্য। শেখ হাসিনার বিষয়টি অপরাধসংক্রান্ত হওয়ায় তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
সদ্য সংবাদ/এসএস