বাবুর অনিয়মে নতুন আরসি ফুডের প্রশ্রয়, ব্যবস্থা না নিয়ে দায় এড়ানোর অভিযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ০০:২৬:২৪
ছবি: সংগৃহীত

রংপুর বিভাগের বিভিন্ন লোকাল সাপ্লাই ডিপোতে (এলএসডি) কর্মকর্তা পদায়নে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ প্রকাশের পরও এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন নবী বাবুর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। গত ২৩ নভেম্বর এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। নতুন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে অভিযোগ প্রকাশের পর নতুন আরসি ফুডকে ম্যানেজ করার চেষ্টা করছেন নুরুন নবী বাবু, এমন অভিযোগ করেছেন তাঁর কয়েকজন সহকর্মী।

গত বুধবার (২৫ নভেম্বর) দুপুরের পর দাপ্তরিক দায়িত্ব পালন না করে নুরুন নবী বাবুকে আরসি ফুডের কার্যালয়ে সময় কাটাতে দেখা গেছে। অন্তত চারটি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আরসি ফুডের কার্যালয়ে তাঁদের কোনো দাপ্তরিক কাজ থাকে না। তাঁদের কাজ মূলত সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সঙ্গে। তবে আঞ্চলিক কার্যালয়ে কোনো সভা থাকলে সেখানে অন্যান্য এলএসডির কর্মকর্তারাও উপস্থিত থাকেন। ভূরুঙ্গামারীতে কার্যালয় রেখে নুরুন নবী বাবুর আরসি ফুডের কার্যালয়ে অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম বলেন, নুরুন নবী বাবু ফোন করে আঞ্চলিক কার্যালয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। তিনি তখন উপজেলায় সভায় থাকায় কেন আঞ্চলিক কার্যালয়ে যাচ্ছেন, তা জানতে চাননি।

সহকর্মীদের দাবি, সদ্য বিদায়ী আরসি ফুড জহিরুল ইসলামের সময়ে প্রায় ৩০ লাখ টাকার বিনিময়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনীরহাট এলএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন নুরুন নবী বাবু। খাদ্য বিভাগের অন্তত তিনজন কর্মকর্তা অর্থ লেনদেনের এই তথ্য নিশ্চিত করেছেন। তাঁদের আশঙ্কা, এখন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলে এই বিপুল অঙ্কের টাকা হারাতে হবে। এ কারণে নতুন আরসি ফুডকে ম্যানেজ করার চেষ্টা করছেন বাবু বলে অভিযোগ তাঁদের।

এর আগে গত ২৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে রংপুর বিভাগের বিভিন্ন এলএসডিতে কর্মকর্তা পদায়নে অর্থ লেনদেন ও বৈষম্যের অভিযোগ তুলে ধরা হয়। এতে খাদ্য পরিদর্শক নুরুন নবী বাবু ও সদ্য বিদায়ী আরসি ফুড জহিরুল ইসলামের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে অর্থ নিয়ে তাঁদের পছন্দের এলএসডিতে পদায়নের জন্য জহিরুল ইসলামের কাছে সুপারিশ করতেন বাবু। এর বিনিময়ে দুজনই বড় অঙ্কের অর্থ নিয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বদলি ও পদায়ন নীতিমালা ২০১৯ এর ২(ট) ধারায় বলা হয়েছে, পরপর দুইবার এলএসডি বা সিএসডিতে নির্দিষ্ট দায়িত্ব পালনের পর পুনরায় একই ধরনের পদে পদায়ন করতে হলে কমপক্ষে দুই বছর ভিন্ন ধরনের কাজে নিয়োজিত থাকতে হবে। তবে নুরুন নবী বাবুর ক্ষেত্রে এই নিয়ম মানা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, নতুন আরসি ফুডকে ম্যানেজ করে আগের বদলি ও পদায়ন বাণিজ্যের সিন্ডিকেট আবারও সক্রিয় করার চেষ্টা করছেন বাবু। এ জন্য নতুন আরসি ফুডের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিন ধরে আঞ্চলিক কার্যালয়ের কাছাকাছি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। দাপ্তরিক দায়িত্ব না থাকলেও আরসি ফুডের কার্যালয়ে বাবুর নিয়মিত যাতায়াত দেখা যায়। সংশ্লিষ্টদের অভিযোগ, বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বদলি হলেও বাবুর এই সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ হয়নি।

এ বিষয়ে রংপুরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী বলেন, একজন আরসি ফুডের দেওয়া আদেশের বিরুদ্ধে আরেকজন আরসি ফুড সিদ্ধান্ত নিতে পারেন না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন।

তবে কোন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে, তা জানতে চাইলে তিনি এড়িয়ে যান। বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো বক্তব্য দেননি তিনি। ফলে অভিযোগ প্রকাশের পরও নুরুন নবী বাবুর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নতুন আরসি ফুডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে নতুন আরসি ফুডের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সচেতন মহলের ব্যক্তিরা। তাঁদের দাবি, এলএসডিতে বদলি ও পদায়নের এখতিয়ার যেহেতু আরসি ফুডের, তাই অনিয়মের অভিযোগ ওঠায় নুরুন নবী বাবুকে প্রত্যাহারের পূর্ণ এখতিয়ার তাঁর রয়েছে। এ ক্ষেত্রে তাঁর দায়সারা মনোভাব আগের আরসি ফুডের অনিয়মকে সরাসরি সমর্থন করার শামিল। সূত্র: সময়ের কণ্ঠস্বর​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লোকজন ভেবে হামলা, গাড়ি থেকে ইসলামী বক্তা বলছিলেন ‘আল্লাহ বাঁচাও, ডাকাত’ সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লোকজন ভেবে হামলা, গাড়ি থেকে ইসলামী বক্তা বলছিলেন ‘আল্লাহ বাঁচাও, ডাকাত’