আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি ডিসেম্বরে দেশে ফিরবে না। তাঁর দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক চর্চায় গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ছিল না। গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাবে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০-এর বেশি, আর সরকারের হিসাব অনুযায়ী তা ২ হাজার ছাড়িয়েছে। তাঁর অভিযোগ, এসব ঘটনার জন্য দলটি এখনো ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি। বরং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জঙ্গিবাদী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে।
আওয়ামী লীগ আবার গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কে কখন দেশে ফিরতে চাইছে, তা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশে যে-ই আসুক, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আইনের প্রয়োগে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, অপরাধের অভিযোগে সংসদ সদস্যের সন্তানকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। আইন প্রয়োগের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
এদিকে, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে চাননি। তিনি জানান, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে এবং মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। তদন্তের ফল ও সংশ্লিষ্ট তথ্য জানার পর এ বিষয়ে কথা বলবেন তিনি।
সদ্য সংবাদ/এসএস