ভারত ও পাকিস্তানের পারস্পরিক বৈরিতা এবং বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের ভারত সম্পর্কে মনোভাব নিয়ে সম্প্রতি একটি জরিপের ফল প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার। ৩৬টি দেশের নাগরিকদের ওপর পরিচালিত এ জরিপে উঠে এসেছে ভারতকে পছন্দ-অপছন্দের নানা চিত্র।
জরিপের তথ্য অনুযায়ী, পাকিস্তানিরাই ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে মাত্র ৭ শতাংশ পাকিস্তানি ভারতকে ইতিবাচকভাবে দেখেন। এ ক্ষেত্রে পাকিস্তানের মানুষের কাছে ভারতই সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচিত।
অন্যদিকে ভারতীয়দের কাছেও পাকিস্তানই সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচিত হয়েছে বলে জরিপে উঠে এসেছে।
গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত জরিপের ফল অনুযায়ী, বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাবও আগের তুলনায় কমেছে। ২০২৪ সালে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করলেও এবার সেই হার কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে ভারতকে ইতিবাচকভাবে দেখার হার কমেছে ১৫ শতাংশ।
ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় ভারত সম্পর্কে সবচেয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে। দেশটির ৭৯ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন। বিপরীতে মাত্র ১১ শতাংশের মনোভাব নেতিবাচক।
মধ্যপ্রাচ্যের দেশ ও অঞ্চলগুলোর মধ্যেও ভারতকে নিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে। ফিলিস্তিনের পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের নাগরিকদের মাত্র ১৮ শতাংশ ভারতকে ইতিবাচকভাবে দেখেন। বিপরীতে ৫৬ শতাংশের মনোভাব নেতিবাচক। এ বিষয়ে ২৫ শতাংশ কোনো মতামত দেননি।
অন্যদিকে ইসরায়েলের ৬০ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন বলে জরিপে উঠে এসেছে। দেশটির ২৯ শতাংশ মানুষ ভারতকে অপছন্দ করেন।
শ্রীলঙ্কার পাশাপাশি কেনিয়া ও যুক্তরাজ্যেও ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব তুলনামূলক বেশি। এসব দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন। একই প্রবণতা দেখা গেছে জার্মানি, ইতালি, সুইডেন, জাপান ও থাইল্যান্ডের মতো দেশেও।
তবে কিছু দেশে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বেড়েছে। তুরস্ক ও নাইজেরিয়ায় ভারতকে অপছন্দ করার হার আগের তুলনায় প্রায় ১০ শতাংশ বেড়েছে। একই ধরনের প্রবণতা দেখা গেছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোতেও।
জরিপের সামগ্রিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভারত সম্পর্কে বিভিন্ন দেশের মানুষের মনোভাব একরকম নয়। ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে দেশভেদে ভারতের প্রতি ইতিবাচক ও নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

সদ্য সংবাদ/এসকে