বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে থাকা ২৪ জন ক্রুর মধ্যে ২ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাংলাদেশিসহ বাকি ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এমভি ওশন উইনার নামের জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। জাহাজটিতে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।
জাহাজটির ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক ছিলেন।
শনিবার (২২ আগস্ট) বঙ্গোপসাগরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারে (এমআরসিসি) বিষয়টি জানানো হয়।
খবর পাওয়ার পর সম্ভাব্য দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড। কয়েক ঘণ্টার অভিযানের পর রাত ৮টার দিকে দুজন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
নিখোঁজ বাকি ২২ জনের সন্ধানে পরে অভিযানে যুক্ত হয় ভারতীয় নৌবাহিনী। উদ্ধারকাজে নৌবাহিনীর তিনটি জাহাজ- ভারাদ, আনমোল ও বিজিত- মোতায়েন করা হয়েছে।
তবে জাহাজটি ঠিক কখন এবং কী কারণে ডুবে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে নিখোঁজ বাংলাদেশি নাগরিকের পরিচয় ও বর্তমান অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
সদ্য সংবাদ/এসকে