রাশিয়া ও জার্মানির মধ্যে গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ মাধ্যম নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ঘটনার তদন্তে ইউক্রেন সহযোগিতা করছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন জেলেনস্কি।
তিনি বলেন, নর্ড স্ট্রিম-২ পাইপলাইন ধ্বংসের কোনো অভিযানে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি। বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের সংশ্লিষ্টতার যে অভিযোগ রয়েছে, সেটিও তিনি অস্বীকার করেন।
২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া ও জার্মানির মধ্যে সংযোগ স্থাপনকারী নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে একাধিক বিস্ফোরণ ঘটে। এতে গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর থেকেই বিস্ফোরণের পেছনে কারা ছিল, তা নিয়ে তদন্ত চলছে। বিভিন্ন পর্যায়ে একাধিক দেশের নাগরিকের সংশ্লিষ্টতার বিষয়ও সামনে এসেছে।
জেলেনস্কির বক্তব্যের মধ্যেই এ ঘটনায় ইউক্রেনের দুই নাগরিক সন্দেহভাজন হিসেবে হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ ও বিস্ফোরণের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ নিয়ে দীর্ঘদিন ধরে রাশিয়া, ইউক্রেনসহ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের জন্য দায়ী পক্ষ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি।
সদ্য সংবাদ/এসকে