হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে সার্ভিস ফি আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন।
রোববার (২৩ আগস্ট) কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
জাহাজগুলোকে বিভিন্ন ধরনের সেবা দেওয়ার বিপরীতে এ ফি নেওয়া হবে। এর মধ্যে জ্বালানি সরবরাহ, বীমা ও নিরাপত্তাসহ অন্যান্য সেবা অন্তর্ভুক্ত রয়েছে। ফি ইরানি রিয়াল ছাড়াও অন্য মুদ্রায় পরিশোধের সুযোগ রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে সামা টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। স্বাভাবিক সময়ে এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়। একই সঙ্গে বৈশ্বিক এলএনজি বাণিজ্যের উল্লেখযোগ্য একটি অংশও এই পথের ওপর নির্ভরশীল।
তবে চলতি বছরের মার্চের শুরু থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে নতুন করে সার্ভিস ফি আরোপের সিদ্ধান্ত আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ও জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে বাড়তি প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই রুটে জাহাজ চলাচলের ব্যয় বাড়লে তার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়তে পারে। ফলে ইরানের নতুন সিদ্ধান্তের দিকে নজর রাখছেন আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি খাতের সংশ্লিষ্টরা।
সূত্র: আনাদোলু
সদ্য সংবাদ/এসকে