ভারতের ভিসা নিতে আগ্রহী আবেদনকারীদের দালালদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় দেশটির হাইকমিশন। ভিসাপ্রত্যাশীদের প্রতারণার ফাঁদে না পড়তে সতর্ক করে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের যাচাইকৃত ফেসবুক পেজে একটি বার্তা প্রকাশ করে হাইকমিশন।
বার্তায় বলা হয়, বিভিন্ন দালাল ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো নানা প্রলোভন দেখিয়ে ভিসাপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
হাইকমিশন জানিয়েছে, এসব প্রতিশ্রুতিকে বিশ্বাস করে অর্থ দেওয়ার পাশাপাশি আবেদনকারীরা তাঁদের ভিসা আবেদনের সুযোগ ও গুরুত্বপূর্ণ সময়ও হারাতে পারেন।
সতর্কবার্তায় কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় নথি কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্য ভিসাপ্রত্যাশীদের পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ভারতের ট্রানজিট ভিসার আবেদনকারীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানিয়েছে দেশটির হাইকমিশন।
সদ্য সংবাদ/এআর