মাত্র ১০ বছর বয়সেই পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুরের শিশু শিক্ষার্থী মো. আশ্রাফ আহমেদ নবীন। নিয়মিত অধ্যবসায় ও শিক্ষকদের তত্ত্বাবধানে এক বছর নয় মাস ১০ দিনে সে এ সাফল্য অর্জন করে।
আশ্রাফ চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। সে চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদী এলাকার উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনার পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মাদ্রাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৮ জানুয়ারি কুরআন হিফজ শুরু করে আশ্রাফ। চলতি বছরের ২৮ অক্টোবর তার ৩০ পারা মুখস্থ করার প্রক্রিয়া সম্পন্ন হয়। পুরো সময়ে হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহর তত্ত্বাবধানে পড়াশোনা চালিয়ে যায় সে।
শিশুটির এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষকরা। হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, অল্প বয়সে আশ্রাফের কুরআন মুখস্থ করার সাফল্য তাদের জন্য আনন্দের। নিয়মিত অনুশীলনের পাশাপাশি তার মা-বাবার সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আশ্রাফ যেন কুরআনের শিক্ষাকে নিজের জীবনে ধারণ করতে পারে এবং ভবিষ্যতে দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করতে পারে, সে জন্য সবার দোয়া প্রয়োজন।
এদিকে, আশ্রাফের সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এবং কুরআনের শিক্ষা অনুসরণ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে এমন প্রত্যাশাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শৈশবেই এমন অর্জন আশ্রাফের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
সদ্য সংবাদ/এসএস