বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকার বিষয়টি সামনে এনে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এসব ই-রিকশার মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ পাবেন গোলাম পরওয়ার। বাকি ই-রিকশাগুলোর ক্ষেত্রে অন্য ব্যক্তিদের নামে নিবন্ধন নিতে হবে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচলসংক্রান্ত বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে ই-রিকশার নিবন্ধন প্রক্রিয়া নিয়ে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে যেসব চালক বৈধ কিংবা অবৈধভাবে এসব যান চালাচ্ছেন, তাঁদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ধাপে ধাপে নিবন্ধনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নিবন্ধনের আওতার বাইরে থাকা যানবাহনগুলো পর্যায়ক্রমে সরিয়ে দেওয়া হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেলের নামে ৭০০টি ই-রিকশা থাকার প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, সংশ্লিষ্ট প্রশাসকের কাছ থেকে তিনি এ তথ্য পেয়েছেন। গোলাম পরওয়ার চাইলে নিজের নামে পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। তবে অবশিষ্ট যানবাহনের জন্য অন্যদের নামে নিবন্ধন নিতে হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে নগর এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
সদ্য সংবাদ/এসএস