দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি জনগণের অধিকার, সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করাই হতে হবে রাষ্ট্র পরিচালনার প্রধান লক্ষ্য।
শুক্রবার (৬ নভেম্বর) মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন রাষ্ট্রপতি। আগামীকাল ৭ নভেম্বর দিবসটি পালিত হবে।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই সময়ের সংকটময় পরিস্থিতিতে সেনাসদস্য ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা জাতীয় জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে। এ ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে রাষ্ট্র পরিচালনা এবং গণতন্ত্র, সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ছাত্র-জনতা, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। জাতীয় সংকটে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার গুরুত্ব এই ঘটনাগুলো আবারও স্মরণ করিয়ে দেয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং বাক ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি অর্থনৈতিক মুক্তি, জাতীয় ঐক্য ও উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হয়।
দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তাঁর মতে, একটি নির্বাচিত সরকারের নেতৃত্বে গণতন্ত্রের পথে দেশের যে যাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে সব মহলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনায় অংশ নেওয়া বীর সেনানী ও দেশপ্রেমিক জনগণের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস