নারীদের অংশগ্রহণ ছাড়া ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া অসম্ভব: শামা ওবায়েদ

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ নভেম্বর, ২০২৬ ১৫:৪৯:১০
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে নিতে হলে নারীদের উৎপাদন ও ব্যবসায়িক কর্মকাণ্ডের মূলধারায় যুক্ত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাঁদের উন্নয়নের বাইরে রেখে জাতীয় অর্থনীতির কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব নয়। এজন্য অঞ্চলভেদে বৈষম্য দূর করে সব নারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) প্রাঙ্গণে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, নারী উদ্যোক্তাদের জন্য আলাদা কোনো বিশেষ সুবিধার প্রয়োজন নেই। অন্যান্য উদ্যোক্তার মতো তাঁদেরও ন্যায্য অধিকার, সমান সুযোগ এবং ব্যবসা পরিচালনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এমন একটি সমাজ গড়ে তোলা প্রয়োজন, যেখানে উদ্যোক্তার পরিচয়ের আগে নারী বা পুরুষের পরিচয় বিবেচনায় আসবে না।

দেশের বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তাদের উদাহরণ দিয়ে তিনি বলেন, যশোরের নকশিকাঁথা, রংপুরের শতরঞ্জি কিংবা চট্টগ্রামের অনলাইনভিত্তিক খাবারের ব্যবসার মতো উদ্যোগগুলোতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু পণ্য বাজারে পৌঁছানো, ক্রেতা খুঁজে পাওয়া, অর্থায়ন এবং প্রয়োজনীয় সহযোগিতার অভাবে অনেক উদ্যোক্তা তাঁদের ব্যবসা বড় করতে পারছেন না। এসব সমস্যা সমাধানে সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

নারী উদ্যোক্তাদের বিদেশি বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮১টি মিশনকে দেশীয় নারী উদ্যোক্তাদের পণ্যের বাজার ও চাহিদা অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে। কোন দেশে কোন পণ্যের চাহিদা রয়েছে, তা চিহ্নিত করে উদ্যোক্তাদের সঙ্গে সংশ্লিষ্ট বাজারের যোগাযোগ স্থাপনে মিশনগুলো কাজ করবে।

এ ছাড়া বিদেশি কূটনীতিক, মন্ত্রী ও প্রতিনিধিদের কাছে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের পণ্য তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রদর্শনীর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য উদ্যোক্তাদের আহ্বান জানান শামা ওবায়েদ।

দেশের সৃজনশীল অর্থনীতিতে নারীদের অবদানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি। তাঁর মতে, সংস্কৃতি, শিল্পকলা, আলোকচিত্র, চলচ্চিত্র, নাটক, নাচ, পাটজাত পণ্য, প্রসাধনী ও গহনাসহ নানা খাতের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার সুযোগ রয়েছে। বর্তমান বাজেটেও সৃজনশীল অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নারীর ক্ষমতায়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের প্রাথমিক থেকে স্নাতক পর্যায় পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরে পড়া মেয়েদের ফিরিয়ে আনা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে সরকার। শিক্ষার সুযোগ ও সমান অধিকার নিশ্চিত হলে নারীরা আরও বেশি অবদান রাখতে পারবেন।

নিজের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, প্রতিটি নারী উদ্যোক্তার পেছনে রয়েছে পরিশ্রম, সংগ্রাম ও এগিয়ে যাওয়ার গল্প। এসব গল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে, যাতে নতুন প্রজন্মের মেয়েরা অনুপ্রাণিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার উদ্যোগ নিতে পারেন। ব্যাংকঋণ সহজ করা, অর্থায়ন এবং নতুন বাজার তৈরিতেও পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া ঢাকা বিভাগের উদ্যোক্তা সাগুফতা সুলতানা বলেন, নারীরা নিজেদের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন। এ ধরনের স্বীকৃতি তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যমে কাজ করতে উৎসাহিত করে।

তিনি জানান, চাকরি খোঁজার পরিবর্তে কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন ও স্বদেশি উদ্যোক্তাদের নিয়ে কাজ শুরু করেন। বর্তমানে দেশের ৬৪ জেলায় উদ্যোক্তা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছেন।

সাগুফতা সুলতানার মতে, উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাঁদের দক্ষতা ও পণ্যের মান উন্নয়নেও নজর দিতে হবে। স্বল্পমেয়াদি তিন থেকে সাত দিনের প্রশিক্ষণ দিয়ে একজনকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা কঠিন। ব্যবসা পরিচালনার বিভিন্ন মৌলিক ও কারিগরি বিষয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের সামিট নিয়মিত আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য কার্যকর যোগাযোগ ও সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান তিনি।

তিন দিনব্যাপী এ সামিট ও পণ্য মেলা গত ৫ নভেম্বর ‘নারী উদ্যোক্তার অগ্রযাত্রায় সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ’ স্লোগানে ৬০টি স্টল নিয়ে শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে আট বিভাগের আট নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন—ঢাকা বিভাগের সাগুফতা সুলতানা, চট্টগ্রাম বিভাগের মঞ্জুলিকা চাকমা, সিলেট বিভাগের শান্তনা, ময়মনসিংহ বিভাগের হেনা খাতুন, রাজশাহী বিভাগের আফরোজা আজিজ মুন্নি, রংপুর বিভাগের উম্মে কুলসুম পপি, বরিশাল বিভাগের বিলকিস আহমেদ লিলি এবং খুলনা বিভাগের মরিয়ম নার্গিস।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন