পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ২৩:১২:৪৪
ছবি: সংগৃহীত

রাতের আঁধারে পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপারবিহীন গাড়িতে আগুন দেওয়ার বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি মূল্যায়ন করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটি বলা যায় না।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটিতে জড়িত ব্যক্তিদের হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকায় সংঘটিত ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির কাছে একটি গাড়ির ছাদের ওপর ককটেল বিস্ফোরণ হয়েছে। এ কারণে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গেছে, এমন বলা যায় না।’

তিনি আরও বলেন, ‘রাতের অন্ধকারে অথবা ভোরে কোথাও কোনো পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপার নেই, এমন কোনো গাড়িতে আগুন দেওয়া হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। এই দুই-একটি প্রতীকী ঘটনা একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ—এমন বলা আমার মনে হয় যৌক্তিক নয়।’

বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা সরকারের ব্যর্থতার কথা বলেছেন এবং বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর এই অবস্থানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিরোধী দল সক্রিয় থাকলে তা ইতিবাচক। সরকারও বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে। অতীতেও বিরোধী দলের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে।

তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের ভেতরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের ভেতরে কারা তাঁদের সহযোগিতা করছেন, এসব প্রশ্ন সরকারের সামনে এসেছে।

তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরে কারা কারা এর সঙ্গে জড়িত, কারা ইন্ধন দিচ্ছে—এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। বিরোধীদলীয় নেতা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি যদি সংশ্লিষ্ট ফোন নম্বর এবং কী ধরনের বার্তা দেওয়া হয়েছে, তা আমাদের জানান, তাহলে আমরা তদন্ত করে দেখব।’

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে একটি নীলনকশা করা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পেছনে দেশের ভেতরেও অর্থ বিনিয়োগ করা হয়েছে বলে সরকার মনে করে। তবে সরকার সফলভাবে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি। বরং বাহিনীর সদস্যরাই আহত হয়েছেন। তাঁদের এমনভাবে উসকানি দেওয়া হয়েছিল, যাতে তাঁরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বসেন এবং সেটিকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ সৃষ্টি হয়। তবে সরকার সচেতনভাবে সেই সুযোগ দেয়নি।

শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কয়েকটি এলাকায় শিল্পকারখানা রয়েছে। এসব এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং শ্রমিকেরা যাতে বেকার হয়ে না পড়েন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি বলেন, শিল্পমালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তাঁরা সবাই সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। কয়েকজন শিল্পমালিকের কাছ থেকেও তারা সহযোগিতা পেয়েছে বলে সরকার লক্ষ্য করেছে। তবে তাদের সেই চেষ্টা সফল হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এই মহান জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে শিল্পমালিকদের, বিনিয়োগকারীদের এবং আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করতে চাই—এই দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে। দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে, ইনশাআল্লাহ।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি হয়েছে, তা পরিসংখ্যানের ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধের সংখ্যা তুলনা করতে হলে আগের বছরের একই সময়ের তথ্যও বিবেচনায় নিতে হবে। সংসদে যে সংবাদপত্রের প্রতিবেদন দেখানো হয়েছে, তাতে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলেও জানান তিনি। তবে পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘অবনতি ও উন্নতি আপেক্ষিক বিষয়। আগের বছরের তুলনায় অবনতি হয়েছে কি না, তা বলতে হলে আগের বছরের পরিসংখ্যানও সামনে আনতে হবে। একই পরিসংখ্যান গত বছরের তুলনায় এবার প্রায় ৩০০টি কম হয়েছে। সেটি উন্নতি না অবনতি, তা বিবেচনা করতে হবে।’

এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই বক্তব্য দেবেন, যাতে যে কেউ তথ্যের সত্যতা যাচাই করতে পারেন।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশবাসীকে আশ্বস্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের অভ্যন্তরে হোক, সীমান্তের বাইরে হোক কিংবা সম্মিলিতভাবে—কোনো ষড়যন্ত্র বা নীলনকশা এখানে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে। কেউ যদি তাকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে, জাতি তা দেখবে। আমরা সেই ষড়যন্ত্র উন্মোচন করব।’​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২