সাজেকে অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশন বিলুপ্ত

র
রাঙামাটি প্রতিনিধি (মেহেদী হাসান)
১০ নভেম্বর, ২০২৬ ২৩:০২:৩৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত, সভাপতির পদ থেকে পদত্যাগ এবং সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে সাজেকের চলমান পরিস্থিতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তা ও সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন জয় চাকমা এসব সিদ্ধান্তের কথা জানান।

ভিডিও বার্তায় তিনি সাজেকের চলমান পরিস্থিতির জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করে বিভিন্ন অভিযোগ করেন। তাঁর দাবি, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠনটি উসকানি, প্ররোচনা ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের অবরোধে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগব্যবস্থা; সংকট দেখা দিচ্ছে খাদ্যদ্রব্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে।

নতুন জয় চাকমা আরও অভিযোগ করেন, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের গঠন ও পরিচালনার সঙ্গে ইউপিডিএফের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সংগঠনটির কার্যক্রম পরিচালনার দায়িত্ব তাঁকে দেওয়া হলেও বিভিন্ন সময়ে তাঁর নামে এমন বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেগুলো সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তাঁর ভাষ্য, সংগঠনটি প্রকৃত অর্থে সাধারণ মানুষের প্রতিনিধিত্বশীল কাঠামো হিসেবে পরিচালিত হচ্ছিল না।

এ ছাড়া ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ গঠনের পেছনেও ইউপিডিএফের দলীয় স্বার্থ রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন নতুন জয় চাকমা।

ইউপিডিএফের সঙ্গে নিজের অতীত সম্পৃক্ততার প্রসঙ্গ তুলে ধরে তিনি অভিযোগ করেন, সংগঠনটির প্রভাব ও নিয়ন্ত্রণের মধ্যে থাকাকালে সাধারণ মানুষকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার প্রবণতা দেখেছেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে মৃত্যুর হুমকিসহ ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। এমনকি চলমান অবরোধ কর্মসূচিতেও অনেককে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

ভিডিও বার্তায় নতুন জয় চাকমা স্পষ্টভাবে জানান, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে তাঁর পদত্যাগ, সংগঠনটির কমিটি বিলুপ্ত এবং সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত। একই সঙ্গে তাঁর পক্ষ থেকে আগে ঘোষিত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণাও দেন তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, তাঁর অবস্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; বরং সাজেকের সাধারণ মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে। জীবনের ঝুঁকি থাকলেও এলাকার মানুষের বৃহত্তর স্বার্থে সত্য প্রকাশ এবং ন্যায়সংগত অবস্থান থেকে পিছিয়ে আসবেন না।

তবে নতুন জয় চাকমার এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ঘোষণার পর সাজেক সড়কে যান চলাচল ও অবরোধ পরিস্থিতি স্বাভাবিক করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তা এখন দেখার বিষয়।​


সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী