দেশের সাত জেলায় নিরাপত্তা জোরদার করতে ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পাঁচ প্লাটুন সদস্যও প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকানোর পাশাপাশি জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন মোতায়েন করা সদস্যরা। সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করাও তাদের দায়িত্বের অংশ।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর নজর রাখতে বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল সক্রিয় রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সীমান্তের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরে মোতায়েন করা সদস্যরা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে