জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের পক্ষে কাজ করায় বহিষ্কৃত নেতাদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় সূত্র বলছে, এ প্রক্রিয়ায় পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। তাদের মধ্যে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া অন্তত ৭০ জন নেতাও রয়েছেন। ইতোমধ্যে কয়েকজনের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের বিভেদ কমানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।
বিএনপির সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ নেতাদের পর্যায়ক্রমে দলে ফেরানো হবে। এ বিষয়ে কেন্দ্র থেকে শিগগিরই কয়েকজনকে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় বহিষ্কৃত তৃণমূলের পাঁচ শতাধিক নেতার বিষয়েও ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতোমধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের কয়েকটি সিদ্ধান্ত এসেছে। গত আগস্টে নড়াইল সদর, পৌরসভা ও লোহাগড়া বিএনপির ছয় নেতাকে সাংগঠনিক কার্যক্রমে ফেরানো হয়। সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্তত ৭০ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছিল। একই নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া আরও পাঁচ শতাধিক নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয় দলটি।
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।
এ ছাড়া বহিষ্কৃত নেতাদের তালিকায় রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন জেলার আরও কয়েকজন পরিচিত নেতা।
দলীয় সূত্র বলছে, জাতীয় নির্বাচনের সময় মনোনয়নকেন্দ্রিক বিরোধের জেরে তৃণমূলের অনেক এলাকায় বিভক্তি তৈরি হয়েছে। বহিষ্কৃত নেতাদের একটি অংশ এখনো নিজ নিজ এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয়। তাদের অনুসারীরাও স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে প্রভাব রাখছেন। এ অবস্থায় বিরোধ নিষ্পত্তি না হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একাধিক প্রার্থী তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরুর কথা রয়েছে। নির্দলীয় পদ্ধতিতে অনুষ্ঠেয় এ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সাংগঠনিক ঐক্য ফেরানোর ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপি। দলটির নীতিনির্ধারকদের ধারণা, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনতে পারলে স্থানীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা ও বিভক্তি কমানো সহজ হবে।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রায় বহিষ্কৃত নেতা সাইফুল আলম নিরবের উপস্থিতিও রাজনৈতিক আলোচনায় আসে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত ওই কর্মসূচিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে শোভাযাত্রায় যুক্ত করেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের অধিকাংশই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের প্রেক্ষাপট ও পরিস্থিতি আলাদা। স্থানীয় বাস্তবতা এবং অভিযোগের গুরুত্ব বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন, তাদের আবেদন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান বিষয়গুলো বিবেচনা করছেন বলেও জানান তিনি।
দলটির নেতারা মনে করছেন, ক্ষমতায় থাকার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম সচল রাখা এবং স্থানীয় নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করতে তৃণমূলের বিরোধ মেটানো জরুরি। সে লক্ষ্যেই বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এজে