রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনের বাসা থেকে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার পর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের করতোয়া ভবনে অবস্থিত সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে নিয়ে যায় ডিবির একটি দল।
ডিবির উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকটি অভিযোগের বিষয়ে জানতে জ্যোতিকা জ্যোতিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দেননি তিনি।
এদিকে বিভিন্ন সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং ‘আলো আসবেই’ নামের একটি আলোচিত গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তদন্তের আলোচনায় রয়েছে।
ডিবি সদস্যরা বাসায় পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিকবার সরাসরি সম্প্রচারে আসেন জ্যোতিকা জ্যোতি। এ সময় তাকে কান্নাজড়িত অবস্থায় দেখা যায়। লাইভে তিনি দাবি করেন, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ তার বাসায় এসেছে। নিজেকে নির্দোষ দাবি করে তিনি কোনো অন্যায় করেননি বলেও জানান। পাশাপাশি পুলিশের কাছে হাতকড়া না পরানোর অনুরোধ জানান এই অভিনেত্রী।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গ্রুপটির সদস্যদের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। ছড়িয়ে পড়া তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। সে সময় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা অভিযোগের তালিকায়ও জ্যোতিকা জ্যোতির নাম থাকার তথ্য প্রকাশিত হয়েছিল।
২০০৫ সালে ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন ১৯৮৪ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’, ‘অনিল বাগচীর একদিন’, ‘গ্রাস’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল ‘ব্রেকআপ’।
সদ্য সংবাদ/এজে