আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সব প্রস্তুতি শেষে বুধবার (২৫ নভেম্বর) প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এতে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
এদিকে দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। পরিকল্পনা অনুযায়ী, পাঁচটি ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম পর্যায়ে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়। উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই তালিকায় নির্বাচনের আওতাভুক্ত ইউনিয়ন পরিষদগুলোর তথ্য তুলে ধরা হয়।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে আরও এক ধাপ এগোবে নির্বাচন কমিশন।
সদ্য সংবাদ/এসএস