রাজধানীর লালবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সজীব নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ছিলেন। এ ছাড়া সংগঠনটির সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
পুলিশ আরও জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন সজীব। লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস