রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা এবং ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের ওপর হামলা ও চাঁদা দাবির ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও বেদনাদায়ক। পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

দেশে সাম্প্রতিক সময়ে সামাজিক অপরাধ, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার দাবি করে তিনি বলেন, ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি এবং পরে তাঁর ওপর হামলা, ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা চেয়ে হামলার মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনার সঙ্গে রংপুরের হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের আমির বলেন, এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। জনগণ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত প্রতিকার চায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তাঁর ভাষ্য, বাহিনীগুলোর নির্লিপ্ততা জনগণের মধ্যে শঙ্কা তৈরি করছে। রংপুরের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
একই সঙ্গে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তাঁর মতে, একের পর এক অপরাধ সংঘটিত হলেও ভুক্তভোগীরা যথাযথ বিচার না পাওয়ায় মানুষের মধ্যে হতাশা বাড়ছে। এই পরিস্থিতি থেকে জনগণকে বের করে আনতে দ্রুত বিচার নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।
শফিকুর রহমান বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে।
শেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে দেশের মানুষকে অপরাধ ও সন্ত্রাস থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
সদ্য সংবাদ/এসকে