বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাব বানানোর অভিযোগ নাহিদ ইসলামের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ২০:১৩:১৭
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গত ছয় মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে নিয়োগ দিয়ে রাজনৈতিকভাবে বঞ্চিত ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, গত ছয় মাসে দেশের ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও দলীয় পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলামের দাবি, এসব নিয়োগের মাধ্যমে বিভিন্ন নির্বাচনে মনোনয়ন না পাওয়া কিংবা পরাজিত ব্যক্তিদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্বাসনের সুযোগ তৈরি করা হয়েছে।

জ্বালানি পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জ্বালানি তেলের সংকট দেখা দেয়। পরে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়ে গণপরিবহন, কৃষি ও সেচসহ বিভিন্ন খাতে।

বর্তমানে দেশে গ্যাসের চাহিদার তুলনায় ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে দাবি করে তিনি বলেন, গ্যাস সংকটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় রান্নার সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। গ্যাসের অভাবে শিল্পপ্রতিষ্ঠানের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ খাত নিয়েও সরকারের প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তার দাবি, সরকার ক্ষমতায় আসার পর দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর কথা বললেও দুই মাসের মধ্যেই দাম বাড়ানো হয়েছে। এর সঙ্গে লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগও রয়েছে।

বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের বোঝা কমানোর পাশাপাশি সংকট মোকাবিলায় আগের সরকারের সময়ে গঠিত জাতীয় কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তিনি।

কৃষি ও স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। কৃষকদের সার পেতে সমস্যা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বেশি দামে সার কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। স্বাস্থ্য খাতে হামসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলেও দাবি করেন নাহিদ ইসলাম।

শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্ব এবং ভিন্নমতের শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে এসব ঘটনার যথাযথ বিচার হয়নি বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি ঘটনায় বিএনপির সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন দলটির আহ্বায়ক।

সবশেষে গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শুরু থেকেই তারা বলে আসছেন সরকার গণভোটের রায়কে প্রত্যাখ্যান করেছে। এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ