মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার প্রবণতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
দুপুরে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, সম্প্রতি ক্ষমতায় আসা দলের নেতাদের মধ্যে মক্কায় হোটেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে সফরের সময় এ ধরনের আলোচনা শুনেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এসব বিষয় অনেকেরই জানা থাকলেও প্রকাশ্যে এ নিয়ে কথা বলার মতো পরিবেশ নেই। সমালোচকদের একটি অংশও ক্ষমতাসীন দলের নেতাদের নিয়ে মন্তব্য করতে বা ব্যঙ্গচিত্র প্রকাশ করতে সাহস দেখায় না বলে অভিযোগ করেন তিনি।

একই পোস্টে নিজের ওমরাহ সফর নিয়েও ব্যাখ্যা দেন এনসিপির এই নেতা। জানান, দীর্ঘদিন ধরে মক্কা ও মদিনা সফর এবং ওমরাহ পালনের ইচ্ছা থাকলেও সময়ের সমন্বয় না হওয়ায় আগে যাওয়া সম্ভব হয়নি।
নিজের ওমরাহ সফরের ব্যয় ও আয়োজন নিয়ে ওঠা আলোচনা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ওমরাহ পালনের খরচ বা প্যাকেজ সম্পর্কে তথ্য গোপন নয়। গত কয়েক মাস ধরে কয়েকটি এজেন্সি ও পরিচিতজন তাকে ওমরাহ পালনে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করছিলেন এবং তারাই সফরের বিভিন্ন ব্যবস্থা করেছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, তার সঙ্গে প্রায় ১০ জনের একটি দল মক্কা-মদিনা সফরে গেছে। তাদের সফরের খবর জানতে পেরে প্রবাসী কমিউনিটির কয়েকজন এবং বিভিন্ন হজ এজেন্সি থেকেও সফরের পৃষ্ঠপোষকতার প্রস্তাব এসেছে বলে জানান আসিফ মাহমুদ।
তবে মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার বিষয়ে নিজের পোস্টে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি তিনি। তার এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সদ্য সংবাদ/এসএস