দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে সরকারের সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে এসব বিষয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিন্ন চিত্র পাওয়া যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার অভিযোগ, আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হলে সরকারের পক্ষ থেকে অনেক সময় ব্যঙ্গাত্মক বক্তব্য বা যুক্তির মাধ্যমে মূল বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
তিনি বলেন, দেশের ৬৪ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব যদি আলাদাভাবে দেওয়া হতো, তাহলেও হয়তো বর্তমান অবস্থার চেয়ে খুব বেশি পার্থক্য হতো না।
এ সময় দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও সরকারের নীতির সমালোচনা করেন তিনি। রুমিন ফারহানার ভাষ্য, জ্বালানি সরবরাহে অনিয়মিত পরিস্থিতির কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কোথাও বিদ্যুৎ থাকছে, আবার কিছু সময় পরই চলে যাচ্ছে এমন পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের সময় নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক মানুষ চাকরি হারিয়েছেন এবং বহু শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি করেন তিনি।
রুমিন ফারহানা প্রশ্ন রাখেন, যেখানে বিদ্যমান কর্মসংস্থানই ধরে রাখা কঠিন হয়ে পড়ছে, সেখানে নতুন করে বড় পরিসরে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়েও সংসদে ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তার দাবি, বাজারে সবজি, ডিম ও চালসহ বিভিন্ন পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে চালের মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
তিনি বলেন, বাজারের ঊর্ধ্বমুখী দামের কারণে নিম্নআয়ের মানুষের মধ্যে চাপ বাড়ছে। একই সঙ্গে সরকারি সহায়তা পাওয়ার জন্য টিসিবির পণ্য নিতে দীর্ঘ সারিতে দাঁড়ানো মানুষের চিত্রও পরিস্থিতির বাস্তবতা তুলে ধরছে।
সরকারের নির্ধারিত অগ্রাধিকারের বিষয় উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আইন-শৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি সংকট মোকাবিলা এসব ক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সদ্য সংবাদ/এসএস