চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে সার পাচারের অভিযোগে ১৬ বস্তা রাসায়নিক সার আটক করেছেন স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী জেলা নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে একটি ভ্যানে করে রাসায়নিক সার গোমস্তাপুরের শিমুলতলী এলাকায় নেওয়া হচ্ছিল। সার পাচারের সন্দেহে স্থানীয় লোকজন ভ্যানটির গতিরোধ করে তল্লাশি চালান। এ সময় ভ্যানে থাকা ১৬ বস্তা সার আটক করা হয়।
পরে স্থানীয়রা বিষয়টি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে জানান। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, সার পরিবহনের সঙ্গে জড়িত মো. রশিদকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল এলাকার ফারাজের ছেলে। জব্দ করা সারগুলো শর্ত সাপেক্ষে তাঁকে ফেরত দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সারের অবৈধ পাচার ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/ এরআর