প্রবল বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে সৌদি আরব। পরিস্থিতি মোকাবিলায় আগামী শনিবার পর্যন্ত দেশজুড়ে চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় টর্নেডো ও সাগরে জলস্তম্ভ সৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া কেন্দ্রের বরাতে জানা গেছে, আগামী কয়েক দিন সৌদি আরবের প্রায় সব অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো বাতাসে মরুভূমির ধুলাবালি ছড়িয়ে পড়তে পারে। এতে সড়কে দৃষ্টিসীমা কমে গিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে পবিত্র মক্কা নগরী, জাজান, আসির ও আল বাহা অঞ্চলে। এসব এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মক্কার পাশাপাশি তায়েফ, আল জুমুম, বাহরাহ ও আদহাম এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।
অন্যদিকে রাজধানী রিয়াদ, মদিনা, তাবুক, শিলা ও নাজরানের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জেদ্দা ও রাবিগে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।
উপকূলীয় এলাকায় সমুদ্রের ঢেউ স্বাভাবিকের তুলনায় উঁচু হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগপূর্ণ পরিস্থিতি আগামী সপ্তাহের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে।
এ পরিস্থিতিতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এনসিএম। দুর্ঘটনা এড়াতে সরকারি আবহাওয়া বুলেটিন এবং সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসরণ করতে বলা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
সদ্য সংবাদ/ এরআর