নারী ফুটবলে প্রবাসী প্রতিভা খুঁজে দলে অন্তর্ভুক্ত করার ধারাবাহিকতায় নতুন আরেকটি নাম যোগ হতে যাচ্ছে। সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর পর এবার ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ ফুটবলার শায়লা মদিনা আহমেদকে বিবেচনায় নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বয়সভিত্তিক দলের জন্য তাকে দলে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ফেডারেশন। ২০০৯ সালে জন্ম নেওয়া ১৬ বছর বয়সী শায়লা বর্তমানে ইংল্যান্ডে নিয়মিত ফুটবল খেলছেন। অল্প বয়সেই প্রতিভার স্বাক্ষর রেখে তিনি পূর্ণ স্কলারশিপ নিয়ে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার মর্যাদাপূর্ণ ‘ফাউন্ডেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে’।
নারী ফুটবলে প্রবাসী প্রতিভা খুঁজে দলে অন্তর্ভুক্ত করার ধারাবাহিকতায় নতুন আরেকটি নাম যোগ হতে যাচ্ছে। সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর পর এবার ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ ফুটবলার শায়লা মদিনা আহমেদকে বিবেচনায় নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বয়সভিত্তিক দলের জন্য তাকে দলে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ফেডারেশন।
২০০৯ সালে জন্ম নেওয়া ১৬ বছর বয়সী শায়লা বর্তমানে ইংল্যান্ডে নিয়মিত ফুটবল খেলছেন। অল্প বয়সেই প্রতিভার স্বাক্ষর রেখে তিনি পূর্ণ স্কলারশিপ নিয়ে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার মর্যাদাপূর্ণ ‘ফাউন্ডেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে’। এলিট পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার জন্য এই একাডেমি বিশ্বজুড়ে সমাদৃত।
অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার আগে শায়লা খেলেছেন নর্থহ্যাম্পটন টাউন এফসি গার্লস এলিট একাডেমিতে। ক্লাবটির অনূর্ধ্ব-১৩ দলের হয়ে দুই মৌসুমে ১৭ গোল ও ২২টি অ্যাসিস্ট করে নজর কাড়েন এই ফরোয়ার্ড। তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০২০-২১ মৌসুমে তিনি ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।
বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, শায়লাকে আপাতত সিনিয়র দলে না নিয়ে বয়সভিত্তিক দলে খেলানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, 'ইনশাআল্লাহ, শায়লা যুব দলের হয়ে বাংলাদেশে আসবে। আমরা নিয়মিত তার বাবার সঙ্গে যোগাযোগ রাখছি। সে বর্তমানে অ্যাস্টন ভিলায় স্কলারশিপে রয়েছে। গত বছর থেকেই তার পরিবারের সঙ্গে আমাদের কথা হচ্ছে।'
ফাহাদ করিম আরও জানান, সামনে সাফ অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯/২০ টুর্নামেন্ট রয়েছে। আন্তর্জাতিক সূচি চূড়ান্ত হলেই শায়লাকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই তাকে লাল-সবুজ জার্সিতে দেখা যেতে পারে বলে আশাবাদী ফেডারেশন।