১৮ লাখ টাকার রাকসু তহবিলের হিসাব দেননি আম্মার, উঠেছে প্রশ্ন

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ১৯:১৪:০০
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) তহবিল থেকে ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। তবে এর মধ্যে ৫ লাখ ৪৯ হাজার টাকার বিল-ভাউচার জমা দেওয়া হলেও বাকি ১৮ লাখ ৩৯ হাজার টাকার ব্যয়ের হিসাব এখনো জমা পড়েনি।

রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের ব্যয়ের নথি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। নথি অনুযায়ী, সাত ধাপে জিএস আম্মারের নামে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে প্রায় ৭৭ শতাংশ অর্থের বিল-ভাউচার এখনো জমা না পড়ায় ওই অর্থ কোন খাতে এবং কীভাবে ব্যয় হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নথিতে দেখা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারি বুথ স্থাপনের জন্য ৩ লাখ ২ হাজার টাকা উত্তোলন করা হয়। এরপর ২৭ জানুয়ারি রাকসু সদস্যদের জানুয়ারি মাসের বাজেট বাবদ নেওয়া হয় ১৩ লাখ ৭৭ হাজার টাকা। এছাড়া ১৩ এপ্রিল রাকসু সদস্যদের দাপ্তরিক খরচের জন্য আরও ১ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করা হয়।

এই তিন ধাপে নেওয়া মোট ১৮ লাখ ৩৯ হাজার টাকার কোনো বিল-ভাউচার এখনো জমা দেওয়া হয়নি বলে নথিতে উল্লেখ রয়েছে।

বিল-ভাউচার জমা না দেওয়ার বিষয়ে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ভর্তি পরীক্ষার বুথ স্থাপনের সময় এটি রাকসুর শুরুর দিকের বাজেট ছিল। তখন ব্যয়ের সঙ্গে ভ্যাট যুক্ত করার বিষয়টি জানা না থাকায় ৩ লাখ ২ হাজার টাকার হিসাব সমন্বয় করে বিল প্রস্তুত করতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

রাকসু সদস্যদের বাজেট হিসেবে উত্তোলন করা ১৩ লাখ ৭৭ হাজার টাকা প্রসঙ্গে তিনি জানান, ওই অর্থের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের হিসাব না পাওয়ায় পুরো অর্থের ভাউচার জমা দেওয়া সম্ভব হয়নি। অন্য একটি অর্থের হিসাব জমা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

রাকসুর নিয়ম অনুযায়ী, বিভিন্ন কর্মসূচি ও দাপ্তরিক কাজে অর্থ উত্তোলনের পর সংশ্লিষ্ট ব্যয়ের বিল-ভাউচার জমা দেওয়ার কথা। কিন্তু জিএসের নামে উত্তোলন করা ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব এখনো জমা না পড়ায় ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র নথিতে প্রতিফলিত হয়নি।

রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, কোনো কর্মসূচি শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট ব্যয়ের বিল-ভাউচার জমা দেওয়া উচিত। রাকসুর কিছু বিল-ভাউচার এখনো জমা হয়নি এবং সেগুলো নিয়ম অনুযায়ী জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামও জানিয়েছেন, কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিল-ভাউচারসহ আর্থিক হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। রাকসুর প্রতিটি অধিবেশনে এ বিষয়ে সতর্ক থাকার জন্য কোষাধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন এখনো সব ভাউচার জমা পড়েনি, তা তিনি অবগত নন জানিয়ে উপাচার্য বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই বিল-ভাউচার জমা দিতে হবে এবং রাকসুকেও একই নিয়ম অনুসরণ করতে হবে।

এদিকে, রাকসুর বর্তমান পরিষদের বিভিন্ন কর্মসূচির জন্য তহবিল থেকে মোট ১ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৬৮৯ টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। এর মধ্যে ৬১ লাখ ৫০ হাজার ৪৬৮ টাকার বিল-ভাউচার এখনো জমা পড়েনি। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, এই বকেয়া হিসাবের মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে জিএস সালাউদ্দিন আম্মারের নামে উত্তোলন করা অর্থের।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার