জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সহযোগিতায় মঞ্চস্থ হবে নাটক `লোয়ার ডেপথ'।
আগামী (২৪ ও ২৫) আগস্ট বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের নাট্য ল্যাবে নাটকটির মোট চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থের পুরোটা অতসীর চিকিৎসা তহবিলে ব্যয় করা হবে।
জানা যায়, বিভাগের চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটক পরিবেশনের সময় দুর্ঘটনার শিকার হন অতসী। এতে তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য আনুমানিক দুই লাখ টাকার বেশি অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অতসীর সহপাঠী ও নাট্যকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিব বলেন, `অতসী আমার বন্ধু, কারও বড় বোন, আবার কারও ছোট বোন। সে রোভার স্কাউটেরও একজন সদস্য। যে মানুষটি বিভিন্ন সময়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে, বিপদের সময় তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে এই নাট্য প্রদর্শনীতে যুক্ত হবেন এবং অতসীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটাই আমাদের প্রত্যাশা।'
এ বিষয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক সৈয়দ মামুন রেজা বলেন, `আমরা জানি, আমাদের আর্থিক ও সামাজিক কাঠামোর মধ্যে একটি পরিবারের পক্ষে হঠাৎ করে বড় অঙ্কের টাকা সংগ্রহ করা সহজ নয়। সে কারণে শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য বিভাগের সঙ্গে আলোচনা করে আমরা এই প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া এ কার্যক্রমে রোভার স্কাউটও যুক্ত হয়েছে।'
একজন প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীর এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়াতে এবং টিকিট সংগ্রহ করে নাট্য প্রদর্শনীতে উপস্থিত হয়ে মানবিক উদ্যোগে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।
সদ্য সংবাদ/এসকে