রমজান থেকে ঈদ: প্রবাসে নতুনভাবে উদযাপন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রমজান শেষের দিকে এলে বাংলাদেশের শহরগুলোতে এক ধরনের আলাদা ব্যস্ততা দেখা যায়। দোকানে দোকানে নতুন কাপড়ের ভিড়, বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল, আর ঘরে ঘরে ঈদের প্রস্তুতি। কিন্তু পৃথিবীর অনেক জায়গায় সেই সময়টা কাটে একেবারেই ভিন্নভাবে। বিশেষ করে যারা পড়াশোনা বা কাজের জন্য দেশের বাইরে থাকে, তাদের জন্য ঈদের দিনটি আনন্দের পাশাপাশি শূন্যতার গল্পও হয়ে থাকে।

সিয়াম, লিসবনে মাস্টার্সে পড়ছে। এই বছরই প্রথমবারের মতো সে ঈদ কাটাতে যাচ্ছে পরিবার ছাড়া। বাংলাদেশে থাকলে ইফতারের সময়টা উৎসবমুখরভাবে কাটত তার জীবন। সিয়ামের জন্য ইফতার শুধু ধর্ম পালন নয়, বরং বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে দেখা করার একটি উপলক্ষ। রমজানের বেশিরভাগ ইফতারই তার ঘরের বাইরে করা হতো। কখনো কলেজে, কখনো স্কুলের ইফতার পুনর্মিলনীতে, আবার কখনো অনেক বছর পর দেখা হওয়া কোনো ছোটবেলার বন্ধুর সঙ্গে।

কিন্তু বিদেশে সেই দৃশ্য নেই। বেশিরভাগ দিনই সিয়াম একা ইফতার করে।

তবে একাকিত্বই অনেক সময় নতুন মানুষদের কাছে নিয়ে আসে। সিয়ামের পরিচয় হয় কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে। কেউ এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ জাহাঙ্গীরনগর, কেউবা চট্টগ্রাম থেকে। তাদের মধ্যে সবচেয়ে হাস্যোজ্জ্বল নায়েম। সে একটু বেশি পরিকল্পনা করতে পছন্দ করে, বর্তমানে পিএইচডি করছে ইনফরমেশন সায়েন্সে। নায়েম একদিন প্রস্তাব দিল সপ্তাহে অন্তত একদিন একসঙ্গে ইফতার করবে সবাই। এরপর কেউ নিজের বাসায় জায়গা করে দিল, কেউ রান্না করল খিচুড়ি, কেউ বানাল পেঁয়াজু, কেউ আবার নিয়ে এল খেজুর। এভাবে সবাই সবার দায়িত্ব ভাগ করে নিতে শেখে, যেন এই প্রক্রিয়াটাই তাদের আরও মানুষ হিসেবে গড়ে তোলে। একদিন দেখা গেল, সিয়াম ঠিকমতো পেঁয়াজ কুঁচি করে কাটতে পারছে না। এ নিয়ে হাসাহাসি হলো, অন্য বন্ধুরা মজা করল, আবার শিখিয়েও দিল কীভাবে ঠিকভাবে কাটতে হয়। এভাবেই তারা বুঝতে শেখে, ঘরের কাজ সবারই সমান দায়িত্ব।

আড্ডা যত বাড়তে লাগল, তত মনে হলো তারা যেন ছোট একটি পরিবার হয়ে উঠছে। তাদের মধ্যে অনেকেই আগে কখনো একে অপরকে দেখেনি। কিন্তু একই দেশ থেকে আসা, একই ভাষায় কথা বলা—এই সাধারণ বিষয়গুলোই সবাইকে খুব দ্রুত কাছাকাছি নিয়ে এলো।

সিয়ামের মনে পড়ে, শুরুতে তার আশপাশে বাংলা ভাষায় কথা বলার মতো কেউ ছিল না। তার বিশ্ববিদ্যালয়ে সে একমাত্র বাংলাদেশি ছাত্র। তখন তার মনে পড়ত মনপুরা সিনেমার চরের মধ্যে আটকা পড়া চঞ্চল চৌধুরীর সেই সংলাপ—“এ কোন ধ্যানে পড়লাম রে? কথা কওয়ার কেউ নাই। আচ্ছা—কথা না কলে কেউ বাঁচে?”

সেই সময়ই সে বুঝেছিল, মাতৃভাষা মানুষের জীবনে কত বড় একটি অংশ। আর তখনই নিজের ভাষা বাংলা আর বায়ান্নর ভাষাশহীদদের আত্মত্যাগ তার মনে আরও গভীরভাবে জায়গা করে নেয়।

দূরে থাকা পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা এখন তার দৈনন্দিন অভ্যাস। মা ফোনে বলছেন, “ঈদের বাজারে আজ অনেক ভিড় ছিল।” ছোট ভাই বলছে, “এবার সে ঈদে কোনো কিছু কিনবে না, মোবাইল কিনবে টিউশনির বাকি জমানো টাকা একসঙ্গে করে।” এসব গল্প শুনতে শুনতে সিয়ামের মনে হয় দূর থেকে সেই দৃশ্যগুলো দেখছে।

ঈদের দিন কী করবে, সেটাও সিয়াম ভেবে রেখেছে। সকালে নামাজ পড়তে যাবে, যেখানে আরও অনেক বাংলাদেশি মানুষের সঙ্গে নিশ্চয়ই পরিচয় হবে। এরপর বাসায় ফিরে মায়ের শেখানো মতো বেশি করে জ্বাল দেওয়া দুধ দিয়ে সেমাই রান্না করবে। তারপর ফোন করবে পরিবার, বন্ধু আর বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষকদের।

সিয়ামের বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে সময় মিলিয়ে ফোন দিতে হয়। অস্ট্রেলিয়ায় থাকে স্কুলজীবনের বন্ধু সাফা। তার সঙ্গে কথা বলতে গেলে দেখা যায়, এখানে যখন রাত, সাফার ওখানে তখন সকাল। এভাবেই বন্ধুত্বগুলো ভিন্ন সময়ের ভেতর দিয়ে বেঁচে থাকে।

রাত বাড়তে থাকে। সিয়াম ভাবতে থাকে—এই পৃথিবীটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। দূরত্ব বাড়ছে, কিন্তু মানুষে মানুষে সংযোগের পথও তৈরি হচ্ছে নতুনভাবে।
হয়তো এটাই বিদেশে থাকা শিক্ষার্থীদের ঈদের গল্প—
যেখানে একাকিত্ব আছে, কিন্তু তার ভেতরেই জন্ম নেয় নতুন সম্পর্ক।
যেখানে পরিবার দূরে থাকে, কিন্তু কাছেই তৈরি হয় আরেকটি পরিবার।

লেখক: হুমায়ূন আহমেদ শ্রাবণ
মাস্টার্স স্টুডেন্ট, নোভা স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, পর্তুগাল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার