সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৯ জনের। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে ঢাকাগামী ইউনিক পরিবহন ও একটি সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ইউনিক বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী মারা যান এবং আহত এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এছাড়াও এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী।
এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসআর