প্রথম আলো ও ডেইলি স্টারসহ সংবাদ প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে শাহবাগ থেকে একদল বিক্ষোভকারী ডেইলি স্টার ও প্রথম আলোর ভবনে হামলা চালায়। এ সময় ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং কয়েকজন সাংবাদিক ভেতরে আটকা পড়েন।
শাহবাগে বক্তব্যে মাহফুজ আলম বলেন, “সাংবাদিকদের উদ্ধার করুন। সরকারকে আহ্বান জানাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি—এই সাংবাদিক ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করুন। আমরা অন্তর্ঘাতের মাধ্যমে এই আন্দোলনকে অন্যদিকে যেতে দেব না।”
তিনি আরও বলেন, যারা হামলায় জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। “আমরা কী চাই, কীভাবে চাই এবং কখন চাই—এ বিষয়ে আমরা স্পষ্ট। কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কাজে যেন কেউ সায় না দেন। সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে,” যোগ করেন তিনি।
মাহফুজ আলম বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া মিডিয়া ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং তাদের মাধ্যমে আন্দোলনের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে হবে। “বাংলাদেশসহ সারা বিশ্ব জানুক—আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি আদায় করতে পারি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকা সৈনিক শরিফ ওসমান হাদির স্মৃতি নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, আরও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা থাকতে পারে। “কোনো ধর্মীয় স্থাপনা কিংবা মিডিয়াসহ স্পর্শকাতর স্থানে হামলার চেষ্টা হলে দেশের সকল নাগরিককে অনুরোধ করছি—বাধা দিন, এসব স্থান রক্ষা করুন এবং দায়িত্বশীলভাবে আন্দোলনকে আরও বেগবান করুন,” বলেন মাহফুজ আলম।