সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে জানানো হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
তিনি বলেন, 'ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু ফুটেজের ভিজ্যুয়াল স্পষ্ট না হওয়ায় মোটরসাইকেল ও আরোহীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তারপরও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।'
সাদা খামের ভেতরে কী ছিল—এ বিষয়ে জানতে চাইলে ওসি রাকিবুল বলেন, 'খামটি পুলিশের হাতে দেওয়া হয়নি এবং পুলিশ সেটি সরাসরি দেখেনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, খামটির ভেতরে কোনো চিরকুট বা চিঠি ছিল না। খামটি সম্পূর্ণ ফাঁকা ছিল এবং টেপ দিয়ে গাড়িতে লাগানো হয়েছিল। কী উদ্দেশ্যে এ ধরনের কাজ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।'
পুলিশ সূত্র জানায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে বাসায় ফেরার সময় গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় তিনি বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন এবং সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল মোতায়েন ছিল। এমন কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে মোটরসাইকেলচালক গাড়িবহরের ভেতরে ঢুকে পড়ল, সে বিষয়টিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে। তদন্ত শেষে প্রকৃত উদ্দেশ্য ও ঘটনার নেপথ্য কারণ জানা যাবে বলে আশা করছে পুলিশ।