জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। তাঁর মতে, আওয়ামী লীগ প্রশ্নে সব রাজনৈতিক দল এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টারের আয়োজনে নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে কেবল একটি দলের পতন নয়, রাষ্ট্র ও জীবনব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষাই ছিল মূল লক্ষ্য। তবে প্রত্যাশিত পুনর্গঠন সেভাবে হয়নি। বাস্তবতা মেনে নিয়েই দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে উল্লেখ করে তিনি জানান, আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবে এনসিপি। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস, যার ফলে ইতিবাচক কিছু অর্জিত হয়নি। ভবিষ্যতের জন্য নির্বাচনের পর ঐকমত্য কমিশন গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে দুর্নীতি রোধ সম্ভব নয়। সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে ‘হিসাব দাও’ নামে একটি কর্মসূচি চালুর সুযোগ দেওয়ার কথা বলেন তিনি, যেখানে সরকার তার সব কার্যক্রমের হিসাব জনগণের সামনে তুলে ধরবে।
এদিকে, আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত—এনসিপি নেতা নাহিদ ইসলামের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দল দুটি। তাদের ভাষ্য, ফ্যাসিবাদের সঙ্গে আপোষের কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে নির্বাচনে জয়ী হলে দলীয় প্রতিশ্রুতির কথাও তুলে ধরে বিএনপি ও জামায়াত। একই সঙ্গে র্যাব বিলুপ্তির বিষয়ে এনসিপি একমত হলেও বিএনপি ও জামায়াত এ ইস্যুতে ভিন্নমত পোষণ করে।