শারীরিক প্রতিবন্ধকতা জয় করে কৃষিতে সফল আক্কাস, মিষ্টি কুমড়া চাষে স্বাবলম্বী

ই
ইমন (মাগুরা প্রতিনিধি)
২৪ নভেম্বর, ২০২৬ ২৩:৫৫:৫৩
ছবি: সদ্য সংবাদ

শারীরিক প্রতিবন্ধকতা তাঁর জীবনের পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে পুঁজি করে কৃষিতে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. আক্কাস খান। চিয়া সিডের মতো সুপারফুড চাষ করে পরিচিতি পাওয়ার পর এবার মিষ্টিকুমড়া চাষেও পেয়েছেন অভাবনীয় সাফল্য। তাঁর এই অর্জন এখন অন্য কৃষকদের জন্যও অনুপ্রেরণা।

মাগুরা সদরের ২৮ নম্বর খাদা ইউনিয়নের নালিয়াডাঙ্গী গ্রামের মোহাম্মদ আওয়াল খানের ছোট ছেলে আক্কাস খান। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও থেমে থাকেননি তিনি। প্রতিকূলতাকে জয় করে কৃষিকাজকেই বেছে নিয়েছেন জীবনের প্রধান অবলম্বন হিসেবে। পরিবারের সচ্ছলতা ফেরাতে কৃষিকাজ শুরু করেন তিনি। চিয়া সিড বা সুপারফুড চাষে সাফল্যের পর এবার ১৮ বিঘা জমিতে করেছেন মিষ্টিকুমড়ার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যায় এবার তাঁর ক্ষেতে হয়েছে বাম্পার ফলন। বাজারদর ভালো থাকায় উৎপাদন খরচ বাদ দিয়ে বেশ লাভের আশা করছেন এই সংগ্রামী কৃষক।

এ বছর তাঁর ১৮ বিঘা জমিতে প্রায় ৩৬০ মণ মিষ্টিকুমড়া উৎপাদিত হয়েছে। প্রতি মণ এক হাজার টাকা দরে বিক্রি করলে মোট আয় দাঁড়াবে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। এতে উৎপাদন খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। খরচ বাদে সম্ভাব্য লাভ হবে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।

আক্কাস খানের বাবা মোহাম্মদ আওয়াল খান বলেন, ‘আমি একসময় হতাশায় ভেঙে পড়েছিলাম। কিন্তু আমার সেই প্রতিবন্ধী ছেলে আজ সফল কৃষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে সে-ই আমার পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করছে।’

কৃষি উদ্যোক্তা মো. আক্কাস খান বলেন, ‘প্রতিকূল আবহাওয়াকে চ্যালেঞ্জ করেই কৃষিকাজ করতে হয়। আমি চেষ্টা করছি প্রতিটি কৃষি মৌসুমে ধান, পাট, পেঁয়াজ, কুমড়া ও চিয়া সিড উৎপাদন করতে। এ বছর ১৮ বিঘা জমিতে মিষ্টিকুমড়া চাষ করেছি। আশা করছি, উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভ হবে। আগামী মৌসুমে চিয়া সিড চাষ করব বলে মনস্থির করেছি।’

নিজের শ্রম, মেধা ও কৃষির প্রতি ভালোবাসা দিয়ে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতার মধ্যেও সফল হওয়া সম্ভব। তাঁর এই সাফল্য শুধু নিজের স্বাবলম্বিতা অর্জনেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের অন্য প্রতিবন্ধী ব্যক্তি ও বেকার তরুণদের জন্যও তৈরি করেছে নতুন সম্ভাবনার বার্তা।

কৃষি কর্মকর্তা মো. নূর-এ নবীন বলেন, ‘শারীরিক সীমাবদ্ধতা তাঁর স্বপ্নকে আটকে রাখতে পারেনি। চিয়া সিড (সুপারফুড) চাষ থেকে শুরু করে কৃষির বিভিন্ন ক্ষেত্রে তাঁর পদচারণ রয়েছে। এ বছর মিষ্টিকুমড়া চাষ করেও ব্যাপক সফলতা পেয়েছেন তিনি। তাঁর এই সফলতার পেছনে কৃষি অফিসের নিয়মিত তদারকি ও সার্বিক সহযোগিতা রয়েছে।’

আক্কাস খানের এই সাফল্য দেখে এলাকার অনেকেই এখন মিষ্টিকুমড়াসহ অন্যান্য সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। স্থানীয়দের কাছে তিনি এখন পরিশ্রম ও আত্মমর্যাদার প্রতীক। প্রতিবন্ধকতা নয়, মানুষের সবচেয়ে বড় শক্তি তার অদম্য মনোবল—আক্কাস খানের কৃষিতে সাফল্য যেন সেই কথারই বাস্তব উদাহরণ।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ সদ্য. বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা সদ্য. ৩ ছাত্র সংগঠনের আপত্তি, প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ সদ্য. বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা সদ্য. ৩ ছাত্র সংগঠনের আপত্তি, প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট