দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচার অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন (ইসি) কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে দেশের বিভিন্ন এলাকায় ভোট কেনাবেচা হচ্ছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরে বলা হয়, ভোট কেনাবেচা সম্পূর্ণভাবে বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে বা কারো সংশ্লিষ্টতা নিশ্চিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন পুনরায় নিশ্চিত করেছে।