মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, 'বিএনপি ক্ষমতায় এলে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। পাশাপাশি কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।'
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য চারটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী দেবে না।
তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে দলীয় কোনো প্রার্থী থাকবে না। তবে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জমিয়তের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো হলো—নীলফামারী-১ আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে আমির উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব।
দলীয় সূত্র জানায়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রাথমিকভাবে পাঁচটি আসনের দাবি জানালেও বিএনপি শুরুতে তিনটি আসনে সম্মত হয়। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও একটি আসন যুক্ত করে মোট চারটি আসনে সমঝোতা চূড়ান্ত করা হয়।