আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ সমঝোতা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, আগামী নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ–২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে ছাড় দেবে বিএনপি। তবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাঁরা নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
সমঝোতার তথ্য নিশ্চিত করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তাঁদের পক্ষ থেকে ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। তবে বিএনপির পক্ষ থেকে আপাতত দুইটি আসনে সমঝোতার কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সোমবার দলের নির্বাহী পরিষদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।