চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি ডিসিসিআইয়ের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যবসা পরিচালনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—এমন মন্তব্য করে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে নবগঠিত সরকারের কাছে আইনশৃঙ্খলার উন্নয়ন, রাজস্বব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে নবগঠিত সরকারের নিকট ডিসিসিআই-এর প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ।
চাঁদাবাজি ২০-৪০ শতাংশ বেড়েছে

সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন খাতে চাঁদাবাজির হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ব্যবসা পরিচালনার প্রতিটি ধাপে অনানুষ্ঠানিক অর্থ পরিশোধ করতে হচ্ছে। পুলিশ, সিটি করপোরেশন, আয়কর দপ্তরসহ বিভিন্ন সংস্থায় নিয়মিত চাঁদা দিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এতে ব্যবসার ব্যয় বাড়ছে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, চাঁদাবাজিকে শক্ত হাতে দমন করা না গেলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না। প্রয়োজনে চাঁদাবাজদের শনাক্তে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে ব্যবসায়ী সমাজ।

সরকারি খাতে দুর্নীতি বন্ধে জোর দিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, দুর্নীতি একদিনের জন্যও কমেনি। স্বচ্ছতার অভাবে কর-জিডিপি অনুপাত বাড়ছে না। রাজস্ব ব্যবস্থার কাঠামোগত সংস্কার জরুরি উল্লেখ করে তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে পৃথকীকরণ ও দ্রুত অটোমেশনের আহ্বান জানান। তাঁর মতে, কার্যকর উদ্যোগ নিলে আট মাসের মধ্যেই পূর্ণাঙ্গ অটোমেশন সম্ভব। কর কাঠামো সহজ করতে টার্নওভার কর ০.৬ শতাংশ নির্ধারণের প্রস্তাবও দেন তিনি।

ব্যাংক ঋণ পেতে অতিরিক্ত কাগজপত্র ও জটিল প্রক্রিয়াকে ব্যবসা সম্প্রসারণের বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়। বিনিয়োগ সহজীকরণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর ‘সিঙ্গেল উইন্ডো’ কার্যকর করার দাবি জানানো হয়।
এ ছাড়া ইচ্ছাকৃত নয় এমন ঋণখেলাপিদের পুনঃঅর্থায়নের মাধ্যমে ব্যবসায় ফিরিয়ে আনা এবং ঋণের সুদের হার সহনীয় পর্যায়ে রাখার সুপারিশ করা হয়।

দেশে প্রায় ২৬ লাখ মানুষ বেকার—এ তথ্য তুলে ধরে কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন বক্তারা। তাদের মতে, বেসরকারি খাত চাঙ্গা হলে কর্মসংস্থান বাড়বে এবং চাঁদাবাজির প্রবণতাও কমবে।

সংবাদ সম্মেলনে এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানানো হয়। ডিসিসিআইর মতে, এ উদ্যোগ না নিলে প্রায় ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রপ্তানি কমে যেত, যা মোট রপ্তানির প্রায় ৫ দশমিক ৫ শতাংশের সমান। রাজনৈতিক পটপরিবর্তন ও কোভিড-১৯ মহামারির কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী সরকারের করা একটি শুল্কসংক্রান্ত চুক্তি প্রসঙ্গে ডিসিসিআই সভাপতি বলেন, চুক্তিটি দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই করা হয়েছিল। আদালতের রায়ের পর তা অবৈধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের জন্য ‘উইন-উইন’ পরিস্থিতি নিশ্চিত করতে হলে নতুন করে কৌশলগত দরকষাকষি প্রয়োজন। বিশেষ করে তুলা ব্যবহারের ভিত্তিতে শূন্য শুল্ক সুবিধার ক্ষেত্রে স্থানীয় তুলার ব্যবহার কত শতাংশ হবে—তা স্পষ্ট করা হয়নি।

ডিসিসিআই চারটি অগ্রাধিকার খাত চিহ্নিত করেছে—আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি দমন, সরকারি খাতে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগবান্ধব আর্থিক নীতি প্রণয়ন।

প্রশ্নোত্তর পর্বে তাসকিন আহমেদ বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিনে তাদের কার্যক্রম মূল্যায়ন করা সম্ভব নয়। ব্যবসায়ী সমাজ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছে না; বরং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের প্রস্তাব দিচ্ছে। দেশের স্বার্থের পরিপন্থী কোনো বাণিজ্য চুক্তি হয়ে থাকলে তা পুনর্বিবেচনারও আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ