কৃষকদের স্বার্থ রক্ষায় জাতীয় সংসদে খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা চালুর দাবি জানাবেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই প্রশাসনের সঙ্গে আলোচনা করে মাদকবিরোধী কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে ভূল্লী বিএনপি আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফয়সল আমিন।
তিনি বলেন, কৃষকেরা যাতে সহজে সার সংগ্রহ করতে পারেন, সে জন্য খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা চালুর বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরবেন। পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনে বিজয়ের প্রতিক্রিয়ায় মির্জা ফয়সল আমিন বলেন, ‘এই জয় শুধু বিএনপির একার জয় নয়, এই জয় শুধু আমার জয় নয়। এই বিজয় আপনাদের, তৃণমূলের নেতাকর্মীদের। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ঠাকুরগাঁও গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এ জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে মির্জা ফয়সল আমিন নিজেই তাঁদের হাতে ফুল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ, সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ ভূল্লী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সদ্য সংবাদ/ এরআর